Friday, September 18, 2015

সাধু ও সাধুসঙ্গ ৫, ৬

সাধু ও সাধুসঙ্গ ৫:
আপনারে আপনি চেনা, সেইত বটে উপাসনা। নিজেকে জানা, নিজেকে চেনা এই ছোট্ট একটা কথার মূল্য দিতে গিয়ে চলে যায় মানুষের গোটা জীবন তবু জানা যায় না নিজেকে, চেনা যায় না নিজেকে। আমার হাতের নাম হাত, পায়ের নাম পা, মাথার নাম মাথা, পেটের নাম পেট এবং বুকের নাম বুক তবে আমি বলতে কি বুঝায় এবং নিজ বলতে মূলত কি বুঝায়? কে সে? কোথায় তার বসতি, কোন পথে করে সে চলাচল। শিক্ষিতের কাছে গেলে বলে সে বলতে কেউ নেই, বিজ্ঞান মানো বিজ্ঞান জানো। ফকির বলে ফিকির করো, তাকে খুঁজে বের করো। জ্ঞানী বলে জ্ঞান করো, জ্ঞানে সে দেয় ধরা। যোগী বলে কুম্ভক করো, চেপে ধরো হাওয়ার কলে। পথ চিনিনা ঘাঁট চিনিনা আমি পড়েছি ভীষণ গোলে। ফকির লালন সাঁই বলেগেছেন, দিব্য জ্ঞানী হয়, তবে জানতে পায়। আমি অজ্ঞানী অজ্ঞানীই রয়ে গেলাম আমার আর জ্ঞান সাধন হলোনা। যার আপন খবর আপনার হয়না, একবার আপনারে চিনতে পারলেরে যাবে অচেনারে চেনা। গুরু তুমি উদয় হও, জয় গুরু...
সাধু ও সাধুসঙ্গ ৬:

জ্ঞানীদের আখড়ায় বা সাধুসঙ্গে গেলে দেখা যায় ওখানে সবাই যে সব কথা বুঝে তা নয়। কেউ জ্ঞানীদের কথা ১% বুঝে, কেউ ১০% বুঝে, কেউ ৫০% বুঝে, কেউ ৮০% বুঝে, আবার এমনো লোক আছে যারা ১% ও বুঝে না। কিন্তু সকলের মুখেই একই ধ্বনি জয় গুরু। এই জয় গুরুর গুরুটা হচ্ছে যার যার নিজের জ্ঞান/বুদ্ধিমত্তা, সাধু বাণী বুঝার ক্ষমতা। যার গুরু সচেতন সে আরো জ্ঞান চায়, যার গুরু অচেতন সে বলে জ্ঞান গুরু তুমি আপনাতে উদয় হও। জ্ঞানের কোন শেষ নেই তাই জ্ঞানীদের কথাও কখনো শেষ হয়না, জ্ঞান হচ্ছে সমুদ্র তথা মহা সমুদ্র। তবে জ্ঞানের বিভিন্ন স্তর রয়েছে এবং জ্ঞানীদেরও বিভিন্ন স্তর রয়েছে, সকলের জ্ঞান সমান হয়না। আবার একই কথা বিভিন্ন জনের উপস্থাপনের ভিন্নতার কারণে ভিন্ন রকম মনে হয়। এ কারনে অনেক সময় জ্ঞানের কথাও বিরক্তিকর মনে হয়। জ্ঞানীদের পেছনে হাঁটাতে দোষের কিছুই নেই, জ্ঞানীদের বোঝা বহন করাতে লজ্জার কিছুই নেই। জ্ঞানীদের সাথে চলতে চলতে একসময় নিজেই জ্ঞানী হয়ে যায়। লোকজন একটা সময় পরে তার পেছনেও ছুটতে থাকে এভাবেই চলছে পরাম্পরা ভেদে। একটা সময় ছিল যখন জ্ঞানার্জনে তেমন কোন খরচ হতনা। কিন্তু এখন আর তা হয় না, যদি কেউ প্রকৃত জ্ঞানী হতে চায় তবে তার উপার্জনের সিংহ ভাগ চলে যাবে জ্ঞানার্জনে এবং দিবারাত্রির (২৪ ঘন্টা) এর বেশির ভাগ সময় চলে যাবে জ্ঞানার্জনে। এত কিছুর পরেও আপনি সন্তুষ্ট হতে পারবেন কিনা সন্দেহ আছে, কারন একটাই জ্ঞান হচ্ছে মহা সমুদ্র। প্রয়াণের আগে সকল জ্ঞানীরাই বলেগেছেন আমি অজ্ঞানী আমি কিছুই জানিনা। এই জানার জন্যেই যত কিছু। শুধু জানলেই চলবেনা, মানতেও হবে। আমি অজ্ঞানী তাই বলি জ্ঞান-গুরু তুমি উদায় হও, জয় গুরু...

No comments:

Post a Comment